নড়াইলে পিতা-পুত্রসহ চারজনকে কুপিয়ে হত্যা,ঘরে অগ্নিসংযোগ,আহত ৬
ইকবাল হাসান,নড়াইল প্রতিনিধি-আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে পিতা-পুত্রসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন-বড়কুলা গ্রামের খলিল শেখ (৭১), তার ছেলে তাহাজ্জত শেখ (৪০), ফেরদাউস হোসেন (৪০) ও ওসিকুর ফকির (৩৬)। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার হত্যাকান্ডের বিষয় নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে শিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যার খায়রুজ্জামান খায়ের মোল্যার পক্ষের রহমত হোসেনের লোকজনের সঙ্গে খলিল শেখের দীর্ঘদিন ধরে দ্বন্দ সংঘাত চলে আসছিল। নিহতরা তারাপুর গ্রামের বাসিন্দা হলেও ১০ বছর আগে গ্রাম্য মারামারি এড়িয়ে থাকতে পাশ্ববর্তী বড়কুলা গ্রামে এসে বসবাস শুরু করেন। তারপরও এখানে দুই পক্ষের লোকজনের মধ্যে দ্বন্দ-সংঘাত চলছিল।
নিহত খলিল শেখের স্ত্রী মঞ্জুরা বেগম (৬৪) জানান, সোমবার ভোর রাতে সেহেরী খেয়ে ঘুমানোর প্রস্তুুতি নিচ্ছিলাম। তারাপুর গ্রাম থেকে সাবেক চেয়ারম্যার মো: খায়রুজ্জামান ওরফে খায়ের মোল্যার ৫০-৬০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে আমার স্বামী ও ছেলেকে কথা আছে বলে ঘর থেকে বের করে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপুরিভাবে শরীরের একাধিক স্থানে কুপিয়ে নৃশংশভাবে হত্যা করে। এছাড়া আমাদের পক্ষের ফেরদাউসকেও একইভাবে কুপিয়ে হত্যা করে চলে যায়। এ ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের আহত ওসিকুর ফকিরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। ঘটনার পর নিহত ওসিকুর পক্ষের লোকজনের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। আহত অন্যরা নড়াইল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আরও বলেন, হত্যাকান্ডে জড়িতদের দ্রত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।#





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































